স্মার্ট ইলেকট্রনিক্স ব্যবস্থার সাথে যুক্ত কলকাতাভিত্তিক কোম্পানি ‘সলফেজ স্মার্ট ইলেকট্রনিক্স লিমিটেড’ তাদের ইনিশিয়াল পাবলিক অফার বা আইপিও ঘোষণা করেছে। এই আইপিও সাবস্ক্রিপশনের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৬ থেকে শুরু হয়ে ৫ অক্টোবর, ২০২৬ পর্যন্ত খোলা থাকবে। কোম্পানির শেয়ারগুলি বিএসই এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হওয়ার প্রস্তাব রয়েছে।
কোম্পানিটি প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের ৩৯,৬০,০০০টি ইক্যুইটি শেয়ার অফার করছে। প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য রাখা হয়েছে ৫৫ টাকা। এর মাধ্যমে মোট ২১.৭৮ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। এই আইপিওর সম্পূর্ণ মূল্য আবেদন করার সময়ই পরিশোধ করতে হবে। খুচরা বিনিয়োগকারীদের জন্য আবেদনের সর্বনিম্ন লট সাইজ ২,০০০ শেয়ার (ন্যূনতম দুই লট, যা প্রায় ২.২০ লক্ষ টাকা)। এই ইস্যুর বুক রানিং লিড ম্যানেজার হিসেবে রয়েছে ফিনশোর ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড এবং রেজিস্ট্রার হিসেবে কাজ করছে কেফিন টেকনোলজিস লিমিটেড।
আইপিও থেকে প্রাপ্ত অর্থ কোম্পানির রিটেল নেটওয়ার্ক সম্প্রসারণে ব্যবহার করা হবে। এর মধ্যে ১২টি নতুন শোরুম চালু করার জন্য ৮.৫৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া ক্রমবর্ধমান ব্যবসার কাজে ৯.৬৭ কোটি টাকা কার্যকরী মূলধন হিসেবে এবং বাকি ১.৮০ কোটি টাকা সাধারণ কর্পোরেট উদ্দেশ্যে ব্যবহার করা হবে।
সলফেজ স্মার্ট ইলেকট্রনিক্সের ম্যানেজিং ডিরেক্টর উমেশ কুমার আগরওয়াল জানান, প্রিমিয়াম হোম এন্টারটেইনমেন্ট ও কানেক্টেড লিভিংয়ের ক্রমবর্ধমান চাহিদা আমাদের সামনে নতুন সুযোগ তৈরি করছে। আমাদের লক্ষ্য বাজার উপস্থিতি জোরদার করা এবং গ্রাহকদের আরও উন্নত অভিজ্ঞতা দেওয়া।
কোম্পানির আর্থিক পারফরম্যান্সেও ধারাবাহিক উন্নতি দেখা গিয়েছে। বিগত তিন অর্থবর্ষে কোম্পানির মোট আয় ও মুনাফা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রিমিয়াম হোম অডিও, ভিডিও এবং স্মার্ট অটোমেশন সলিউশনের ক্রমবর্ধমান বাজারে সলফেজ তাদের এই নতুন পদক্ষেপের মাধ্যমে গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছাতে প্রস্তুত।
সলফেজ স্মার্ট ইলেকট্রনিক্সের আইপিও শুরু ৩০ সেপ্টেম্বর
