যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। ভারতের নাগরিকত্ব সংক্রান্ত প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন আনল স্বরাষ্ট্র মন্ত্রক। সম্প্রতি ‘নাগরিকত্ব (সংশোধন) বিধি, ২০২৬’ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে ২০০৯ সালের পুরনো নিয়মে একাধিক সংশোধন করা হয়েছে।
নতুন বিধির মূল লক্ষ্য হল নাগরিকত্ব এবং ওভারসিস সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড সংক্রান্ত প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ এবং দ্রুততর করা। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে পুরো প্রক্রিয়াকে আধুনিক করার উপরই জোর দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, OCI কার্ডের আবেদন এবং জমা দেওয়ার সম্পূর্ণ প্রক্রিয়াই এখন অনলাইনে সম্পন্ন হবে।
আগে যেখানে আবেদনকারীদের সশরীরে উপস্থিত হয়ে নথি জমা দিতে হতো, সেখানে এখন একটি নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে সবকিছু করা যাবে। পাশাপাশি চালু হয়েছে ই-ওসিআই ব্যবস্থা, যার ফলে আবেদনকারীরা চাইলে ফিজিক্যাল কার্ডের পাশাপাশি ইলেকট্রনিক রেজিস্ট্রেশন সুবিধাও পেতে পারবেন। এতে সময় ও ঝামেলা দুটোই কমবে বলে মনে করছে প্রশাসন।
