পরবর্তী শুনানির দিনক্ষণ ঘোষিত হলো

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। টেট নিয়ে টালবাহানা অব্যাহত। গত বছরই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষককে টেট পাস করতে হবে। আদালত বলেছিল, টেট উত্তীর্ণ নয় এমন শিক্ষকদের পরবর্তী দু’বছরের মধ্যে ওই পরীক্ষায় পাশ করতে হবে।

এমনটা না হলে চাকরি ছাড়তে হবে, অথবা, চূড়ান্ত সুযোগ-সুবিধা নিয়ে বাধ্যতামূলক অবসরের পথে হাঁটতে হবে। তবে যাঁদের ৫ বছর চাকরি রয়েছে, সেই শিক্ষকদের আর টেট পরীক্ষায় বসতে হবে না। টেট সংক্রান্ত আদালতের নির্দেশের বিরোধীতা করে মামলা হয় সুপ্রিম কোর্টে। পশ্চিমবঙ্গ–সহ বিভিন্ন রাজ্য সরকার রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল সুপ্রিম কোর্টে।

আদালতে যায় দেশের প্রাথমিক শিক্ষক সংগঠনগুলিও। চাকরি বাঁচাতে প্রাথমিক শিক্ষক–শিক্ষিকাদের আবার টেট দিতে হবে কি না, সুপ্রিম কোর্টে সেই সংক্রান্ত মামলার শুনানি হবে আগামী ১৩ মে। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির (এবিপিটিএ) তরফে রিভিউ মামলাটি বিচারপতিদের চেম্বারের বদলে এজলাসে সাধারণ শুনানির জন্য আর্জি জানিয়ে আবেদন করা হয়েছিল। সেই আবেদনে সায় মিলেছে।