গর্ভাবস্থা ও শৈশব থেকেই ডায়াবেটিস প্রতিরোধে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের

প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিস শনাক্তকরণ ও চিকিৎসার পাশাপাশি গর্ভাবস্থা, শৈশব এবং কৈশোর থেকেই বিপাকীয় স্বাস্থ্য বা মেটাবলিক হেলথের উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। ডায়াবেটিসের ঝুঁকি কমাতে ছোটবেলা থেকেই প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণ করা জরুরি। বিশ্ব ডায়াবেটিস দিবসের (১৪ নভেম্বর) আগে এমনই পরামর্শ দিয়েছেন টাটা ট্রাস্টের স্বাস্থ্য ও পুষ্টি বিভাগের সিনিয়র উপদেষ্টা ডঃ অনুরা কুরপাড।

ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ২০২৫ সালের ডায়াবেটিস অ্যাটলাস অনুযায়ী, ২০২৪ সালে ভারতে ২০ থেকে ৭৯ বছর বয়সি প্রায় ৮ কোটি ৯৮ লক্ষ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। উদ্বেগের বিষয়, তাঁদের মধ্যে ৪৩ শতাংশই জানতেন না যে তাঁরা এই রোগে আক্রান্ত।

ডঃ কুরপাডের মতে, মাতৃস্বাস্থ্য, গর্ভাবস্থায় মায়ের পুষ্টি এবং শৈশবের শারীরিক বৃদ্ধি ভবিষ্যতে ডায়াবেটিসের ঝুঁকি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিউ দিল্লি বার্থ কোহর্টের গবেষণার উল্লেখ করে তিনি জানান, কৈশোরে দ্রুত বিএমআই বৃদ্ধি পেলে পরবর্তী জীবনে ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। পাশাপাশি, মহীশূর পার্থেনন কোহর্টের গবেষণায় দেখা গিয়েছে, গর্ভাবস্থায় মায়ের জেস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভকালীন ডায়াবেটিস সন্তানের ভবিষ্যৎ বিপাকীয় স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে।

এই পরিস্থিতিতে গর্ভবতী মায়েদের পুষ্টির মান উন্নত করা, উন্নতমানের প্রোটিনসমৃদ্ধ সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং পরিশোধিত কার্বোহাইড্রেট ও অতিরিক্ত চিনি খাওয়ার প্রবণতা কমানোর উপর জোর দিয়েছেন তিনি। পাশাপাশি শিশুদের সুস্থ শারীরিক বৃদ্ধি নিশ্চিত করা, বিপাকীয় ঝুঁকি নির্ণয়ের পরীক্ষা এবং প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবার সুযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন।

কলকাতাতেও ক্রমবর্ধমান ডায়াবেটিসের প্রকোপ উদ্বেগ বাড়াচ্ছে। শহরের পরিবারগুলির মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং প্রাথমিক পর্যায়ে বিপাকীয় স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরার প্রয়োজন রয়েছে। ডঃ কুরপাডের বক্তব্য, ভারতে ডায়াবেটিস মোকাবিলার কৌশল শুধুমাত্র দ্রুত রোগ শনাক্তকরণ ও চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। বরং রোগ দেখা দেওয়ার অনেক আগে থেকেই, অর্থাৎ গর্ভাবস্থা ও শৈশব থেকেই প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণ করতে হবে।