আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতির সূচনা করে শহর শিলিগুড়িতে সর্বপ্রথম খুঁটি পুজো সম্পন্ন করল জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার। বুধবার আষাঢ় মাসের ২ তারিখে শুভ তিথি মেনে চম্পাসারি এলাকার শ্রীগুরু স্কুল মাঠে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। এখনও পর্যন্ত শহরের অন্য কোনও পুজো কমিটি খুঁটি পুজো না করায় কার্যত দুর্গোৎসবের ঢাকে প্রথম কাঠি পড়ল এই ক্লাবের হাত ধরেই। এবার ক্লাবটি তাদের ৪৪তম বর্ষে পদার্পণ করছে।
শিলিগুড়ির অন্যতম বিগ বাজেটের পুজো হিসেবে পরিচিত এই ক্লাব প্রতি বছরই অভিনব থিম, আকর্ষণীয় মণ্ডপ, আলোকসজ্জা ও প্রতিমা নির্মাণের মাধ্যমে উত্তরবঙ্গের মানুষের মন জয় করে আসছে। উদ্যোক্তারা জানান, এবারও বিশেষ চমক নিয়ে হাজির হতে চলেছে ক্লাব, যদিও এখনই থিম প্রকাশ করতে চাইছেন না তাঁরা। গত বছরের তুলনায় এবার পুজোর বাজেট প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকা বেশি রাখা হয়েছে এবং মণ্ডপ নির্মাণের কাজের জন্য বাইরের শিল্পীদের নিয়ে আসা হচ্ছে।
উদ্যোক্তাদের দাবি, এবারের মণ্ডপ নির্মাণে বেশি সময় লাগবে বলেই আগেভাগে খুঁটি পুজো সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যেই মণ্ডপের অভ্যন্তরীণ কাজ শুরু হয়ে গিয়েছে। প্রতি বছরের মতো এবারও পুজো প্রাঙ্গণে থাকবে মেলা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং দর্শনার্থীদের জন্য একাধিক আকর্ষণ। শুধু জাঁকজমকপূর্ণ পুজো নয়, সামাজিক কর্মকাণ্ডেও অগ্রণী এই ক্লাবের ৪৪তম বর্ষের দুর্গোৎসবকে ঘিরে ইতিমধ্যেই উৎসবের আবহ তৈরি হতে শুরু করেছে শহরজুড়ে।
