মিললো স্বস্তির খবর

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ নিয়ে বিভ্রান্তির সম্মুখীন হচ্ছেন বহু উপভোক্তা।

১২ পাতার ফর্ম কেন, ব্যক্তিগত তথ্যই বা কেন দিতে হবে? এমন প্রশ্নও তুলছেন অনেকে। এই আবহে উপভোক্তাদের বিভ্রান্তি দূর করে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট বলেন, “চিন্তা নেই। সব বৈধ উপভোক্তাই টাকা পাবেন।“

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আগেই অফলাইনে কাজ শুরু করেছিলাম, আজ থেকে অনলাইনেও শুরু হল। জেলায় জেলায় গিয়ে ২০ জন আধিকারিক এই কাজ নজরদারি করছেন।“ একইসঙ্গে অন্নপূর্ণা যোজনায় এত কড়াকড়ি কেন হচ্ছে সেই ব্যাখ্যাও দেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রচুর জালিয়াতি হয়েছে। পুরুষেরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, এমন ২২টি ঘটনা সামনে এসেছে। এই সংখ্যা আরও বাড়বে। এসব আটকানোর জন্যই এত কড়াকড়ি করা হচ্ছে।“