বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চুরি। শিলিগুড়ির অরবিন্দুপল্লিতে একটি বাড়ি থেকে সোনার অলঙ্কার এবং নগদ টাকা চুরির অভিযোগে গ্রেফতার দুই যুবক। ধৃতদের নাম আকাশ সাহা ও বিজয় কুমার দাস। দু’জনেরই বাড়ি শিলিগুড়ির রবীন্দ্রনগর এলাকায়। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনা ও নগদ টাকা। বুধবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।চলতি মাসের ৭ তারিখ। ব্যক্তিগত কাজে শহরের বাইরে গিয়েছিলেন শিলিগুড়ির অরবিন্দুপল্লির বাসিন্দা কল্পনা সাহা।
১০ সেপ্টেম্বর বাড়ি ফিরে তাঁর চোখে পড়ে দরজার ভাঙা তালা।ঘরে ঢুকতেই দেখা যায়, আলমারিও ভাঙা অবস্থায় রয়েছে।এরপরই চুরির বিষয়টি জানতে পারেন তিনি। কল্পনা সাহার অভিযোগ, বাড়ি থেকে আনুমানিক ২৫ গ্রাম সোনার অলঙ্কার এবং নগদ ২০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। অভিযোগ দায়েরের প্রায় দুই ঘণ্টার মধ্যেই রবীন্দ্রনগর এলাকা থেকে আকাশ সাহা ও বিজয় কুমার দাসকে গ্রেফতার করা হয়।
পুলিশি জিজ্ঞাসাবাদের পর বিজয় কুমার দাসের ভাড়াবাড়ি থেকে উদ্ধার হয় আনুমানিক ১৫ গ্রাম সোনা এবং নগদ ১১ হাজার টাকা। এই চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, কিংবা বাকি চুরি যাওয়া সামগ্রী কোথায়—তা খতিয়ে দেখছে শিলিগুড়ি থানার পুলিশ।
