৪৮.৯৮ কোটি বিনিয়োগে বাংলার স্টার্টআপে নতুন দিগন্ত ‘টাইগার্স পিচ’

পশ্চিমবঙ্গের স্টার্টআপ ইকোসিস্টেমে নতুন দিগন্ত খুলতে আসছে ‘টাইগার্স পিচ’, রাজ্যের প্রথম বড় স্টার্টআপ রিয়েলিটি শো। ওয়াও! মোমো ও রাজীব সিনহা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে তৈরি ১০ পর্বের এই অনুষ্ঠানটি ২৫ শে জুলাই থেকে জি ২৪ ঘণ্টায় সম্প্রচারিত হবে।

নতুন উদ্যোক্তাদের বিনিয়োগ, মেন্টরশিপ ও জাতীয় স্তরে পরিচিতি দেওয়াই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। প্রথম মরসুমেই প্রায় ৪৮.৯৮ কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

রাজ্যজুড়ে আসা ২৪৮টি আবেদনের মধ্যে ২৭টি স্টার্টআপ চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। আইআইএম কলকাতার সহযোগিতায় ব্যবসায়িক মূল্যায়ন, মেন্টরশিপ, বুট ক্যাম্প ও পিচ অডিশনের মাধ্যমে এই নির্বাচন করা হয়েছে।

নির্বাচিত উদ্যোক্তারা বিনিয়োগকারী ও শিল্প বিশেষজ্ঞদের সামনে তাঁদের ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরবেন। সেরা স্টার্টআপগুলি পাবে বিনিয়োগ, মেন্টরশিপ এবং ব্যবসা সম্প্রসারণের সুযোগ। পাশাপাশি, উপস্থাপক সংস্থা ওয়াও! মোমো সেরা উদ্যোক্তাকে ‘বেস্ট পিচ অ্যাওয়ার্ড’ প্রদান করবে।

ওয়াও! মোমোর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও সাগর দারিয়ানি বলেন, এই উদ্যোগ নতুন উদ্যোক্তাদের বড় মঞ্চে তুলে ধরবে এবং বিশ্বমানের সংস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় সহায়তা ও অনুপ্রেরণা জোগাবে।