রোবোটিক্স ও এআই শিক্ষায় ভি-এর ‘রোবটসভ’-এর সূচনা

ভোডাফোন আইডিয়ার সিএসআর শাখা ভিআই ফাউন্ডেশন এবং এরিকসন যৌথভাবে চালু করেছে ‘রোবটসভ – দ্য ফেস্টিভ্যাল অব টেকনোলজি’, একটি আন্তঃস্কুল রোবোটিক্স প্ল্যাটফর্ম। এর লক্ষ্য সারা দেশের স্কুল পড়ুয়াদের মধ্যে রোবোটিক্স ও এআই শিক্ষার প্রসার ঘটানো।

মৌনি ফাউন্ডেশন-এর সহযোগিতায় রোবোটিক্স ল্যাব প্রোগ্রামের অধীনে গড়ে ওঠা এই উদ্যোগে STEM শিক্ষাকে আরও আকর্ষণীয় করে তুলতে ডিজিটাল শিক্ষা ও হাতে-কলমে অভিজ্ঞতার সমন্বয় করা হয়েছে।

রোবটসভ ওয়েবসাইটে শিক্ষার্থীরা কুইজ, প্রবন্ধ প্রতিযোগিতা, ব্লগ এবং রোবোটিক্স, এ আই, 3D প্রিন্টিং, প্রোগ্রামিং, ভার্চুয়াল রিয়েলিটি ও জেনারেটিভ এ আই-সংক্রান্ত শিক্ষাসামগ্রী ব্যবহার করতে পারবে। পাশাপাশি আগামী কয়েক মাসে অফলাইন প্রতিযোগিতারও আয়োজন করা হবে।

ভি ফাউন্ডেশনের ডিরেক্টর অম্বিকা খুরানা বলেন, এই উদ্যোগ ডিজিটাল ইন্ডিয়া মিশনকে এগিয়ে নিয়ে যাবে এবং নতুন প্রযুক্তিকে শিক্ষার্থীদের কাছে আরও সহজলভ্য করবে। এরিকসন ইন্ডিয়ার সহর্ষ সাইমন ডেভিড বলেন, রোবটসভ শিক্ষার্থীদের কৌতূহল, সমস্যা সমাধানের দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করবে। বর্তমানে ৭টি রাজ্যে ২০টি রোবোটিক্স ল্যাব চালু রয়েছে, যার মাধ্যমে প্রায় ১০,০০০ শিক্ষার্থী উপকৃত হয়েছে। রোবটসভের মাধ্যমে সারা দেশের স্কুল শিক্ষার্থীদের কাছে প্রযুক্তি শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়েছে ভি ফাউন্ডেশন ও এরিকসন।