আগামী কদিন কেমন থাকবে আবহাওয়া

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে ঝড়-বৃষ্টির দাপট কমতেই ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গে চড়ছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর বলছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে, নাজেহাল হবে দক্ষিণবঙ্গবাসী।

আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তারপর আরও চারদিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গে। অর্থাৎ সপ্তাহজুড়ে বহাল থাকবে অস্বস্তি। আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই সেভাবে। স্থানীয়ভাবে কোথাও কোথাও বিক্ষিপ্ত বা হালকা বৃষ্টি হলেও তাতে গরম কমবে না, বাড়তে পারে অস্বস্তি।

আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। দুই এক জেলার কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস বলছে, আপাতত গরমের জ্বালাপোড়া থেকে বাঁচার উপায় নেই। কারণ রাজ্যে বর্ষা ঢুকতে এখনও অনেকটাই দেরি। আন্দামান নিকোবরে বর্ষা আগেভাগে প্রবেশ করলেও কেরলে ঢুকতে দেরি হবে। আবহাওয়া অফিসের অনুমান, ১৫ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষা হবে না।