জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। বড় ঘোষণা করল পূর্ব রেল। এবার যাদবপুর স্টেশনে তৈরি করা হবে শপিং হাব। এক ছাদের তলায় পাওয়া যাবে খাবারদাবার থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় নানা জিনিস। এখানে স্টল খুলে উপার্জন করতে পারবেন ছোট ব্যবসায়ীরা।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, যাদবপুর স্টেশনে ৩ হাজার ৪৫ বর্গ মিটার এলাকায় অত্যাধুনিক শপিং হাব তৈরি করা হবে। কোনও স্টল ৮০ বর্গ ফুটের বেশি হবে না। ১০ বছরের চুক্তির ভিত্তিতে স্টলগুলি ভাড়া দেওয়া হবে। প্রত্যেকটি দোকান নন ফেয়ার রেভিনিউ হবে।
রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের যাতায়াত ও সৌন্দর্যায়নের জন্য ২০ থেকে ৩০ শতাংশ জায়গা ছাড়া থাকবে। যাত্রীদের বিশ্রামাগার ও পার্কিংয়ের জন্য থাকবে ৫ থেকে ২০ শতাংশ জায়গা। শপিং হাবের পাশাপাশি স্টেশনের পরিকাঠামো উন্নয়নেও একাধিক ঘোষণা করেছে রেল। যাদবপুর স্টেশনকে আরও সুন্দর ও ঝাঁ চকচকে করে তুলতে নতুন টিকিট কাউন্টার তৈরি করা হবে।
