আলু পোস্ত নয়, পোস্ত দিয়ে বানান ৩ রকমের সুস্বাদু আমিষ পদ

বাঙালির পাতের আলু পোস্ত আর বিউলির ডালের জুড়ি মেলা ভার। তবে পোস্ত দিয়ে শুধু নিরামিষ পদই নয়, তৈরি করা যায় নানা ধরনের সুস্বাদু আমিষ রান্নাও। চিকেন, চিংড়ি কিংবা ডিম—পোস্তর মিশেলে প্রতিটি পদেই আসবে অন্য রকম স্বাদ। রইল তিনটি সহজ রেসিপি।

বাদাম-পোস্ত দিয়ে চিকেন ভাপা

প্রথমে হাড়ছাড়া মুরগির মাংস ছোট টুকরো করে কেটে নিন। এতে নুন, হলুদ, জল ঝরানো টক দই এবং আদা-রসুন বাটা মাখিয়ে দিন। এরপর কাজুবাদাম বাটা, পোস্ত বাটা, পেঁয়াজকুচি, কাঁচালঙ্কা কুচি ও সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিন। সামান্য গরমমশলা ছড়িয়ে মিশ্রণটি একটি টিফিন কৌটোয় ভরে ঢাকনা বন্ধ করুন। কৌটোটি গরম জলের মধ্যে বসিয়ে ভাপে রান্না করুন। মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত সময় দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু বাদাম-পোস্ত চিকেন ভাপা।

নারকেল-পোস্ত দিয়ে চিংড়ি ভাপা

চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে রাখুন। এরপর সর্ষে বাটা ও পোস্ত বাটা মাছে মিশিয়ে দিন। এতে নারকেলের দুধ, চেরা কাঁচালঙ্কা এবং সর্ষের তেল যোগ করে ভালোভাবে মাখিয়ে নিন। মিশ্রণটি একটি টিফিন কৌটোয় ভরে ঢাকনা বন্ধ করে ভাপে বসান। চিংড়ি সেদ্ধ হয়ে মশলা মাখামাখা হলে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে এই পদটি দারুণ জমবে।

ডিম-পোস্ত ভাপা

প্রথমে ডিম সেদ্ধ করে লম্বালম্বি টুকরো করে কেটে নিন। এবার পেঁয়াজকুচি, কাঁচালঙ্কা কুচি, নুন ও হলুদ দিয়ে ডিমের টুকরোগুলি হালকা করে মাখিয়ে নিন। এতে সর্ষে বাটা, পোস্ত বাটা, চেরা কাঁচালঙ্কা এবং সর্ষের তেল মিশিয়ে দিন। সব উপকরণ একটি টিফিন কৌটোয় ভরে ঢাকনা বন্ধ করে ভাপে রান্না করুন। ডিমে মশলার স্বাদ ভালোভাবে মিশে গেলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।