শুরু হতে চলেছে নতুন বাস পরিষেবা

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। বাংলার গণপরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজানোর পথে হাঁটছে রাজ্য সরকার। সবচেয়ে দ্রুত পরিবর্তন দেখা যেতে পারে কলকাতায়। পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, কলকাতার রাস্তায় ৫০০টি নতুন বাস নামানোর পরিকল্পনা রয়েছে।

পরবর্তী ধাপে আরও ১০০০টি বাস শহরের পরিবহণ ব্যবস্থায় যুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। ফলে সব পরিকল্পনা নির্দিষ্ট সময় অনুযায়ী এগোলে এক বছরের মধ্যে কলকাতা প্রায় ১৫০০টি নতুন বাস পেতে পারে। নতুন বাসগুলির ক্ষেত্রে পরিবেশবান্ধব প্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। উল্লেখ্য, বাসের সংখ্যা বাড়ানোর পাশাপাশি যাত্রী পরিষেবার পরিকাঠামো উন্নত করার দিকেও নজর দিয়েছে সরকার।

কসবা ডিপোতে যাত্রীদের জন্য নতুন অপেক্ষাকেন্দ্র তৈরির পাশাপাশি শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা এবং হাই-মাস্ট এলইডি আলো বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজগুলির জন্য ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। পরিকল্পনাগুলি নির্ধারিত সময় অনুযায়ী বাস্তবায়িত হলে আগামী এক বছরেই কলকাতার বাস মানচিত্রে তার বড় প্রভাব পড়তে পারে।