বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে ঘিরে বাড়ছে চাপ।
তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। যে কোনও সময় তাঁকে গ্রেফতার করা হতে পারে। এই পরিস্থিতিতে গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন টুলু মণ্ডল। শুধু পরোয়ানা বাতিলের আবেদন নয়, দ্রুত মামলার শুনানির আর্জিও জানিয়েছেন তিনি। বীরভূমের টুলু মন্ডলের আবেদনে সাড়া দিয়ে বিচারপতি কৌশিক চন্দ জানিয়েছেন, আজ দুপুর ২টোয় মামলার শুনানি হবে।
টুলুর হয়ে হাই কোর্টে মামলা করেছেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। গ্রেফতারি পরোয়ানার পাশাপাশি তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াকেও চ্যালেঞ্জ করেছেন টুলু। অন্যদিকে, সিউড়ির অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালত (এসিজেএম কোর্ট) তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে। আদালতে হাজির হওয়ার কথা বলা হয়েছে। এমনকি ইন্টারপোলের ‘রেড কর্নার’ নোটিসও জারি হয়েছে।
