‘প্রজেক্ট ট্রাস্ট+’ চালু করলো এআই+, নিরাপত্তায় ৫ বছরে ১০০ কোটি টাকার বিনিয়োগ

ভারতের সবচেয়ে নিরাপদ স্মার্টফোন ইকোসিস্টেম গড়ে তুলতে এআই+ স্মার্টফোন চালু করেছে ‘প্রজেক্ট ট্রাস্ট+’। আগামী ৫ বছরে মোট ১০০ কোটি টাকা (প্রতি বছর ২০ কোটি টাকা) বিনিয়োগ করে এথিক্যাল হ্যাকার, স্বাধীন নিরাপত্তা গবেষক ও ডেভেলপারদের নিরাপত্তা ত্রুটি শনাক্ত ও সমাধানে যুক্ত করবে সংস্থা।

কোম্পানির মতে, এটি শুধু বাগ বাউন্টি প্রোগ্রাম নয়, বরং একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম যেখানে প্রযুক্তি বিশেষজ্ঞরা নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করে আরও শক্তিশালী করতে পারবেন। এআই+র বিশ্বাস, স্মার্টফোনের নিরাপত্তা এককালীন অর্জন নয়; স্বচ্ছতা, সহযোগিতা ও ধারাবাহিক উন্নয়নের মাধ্যমেই আস্থা তৈরি হয়।

এআই+ স্মার্টফোনের সিইও এবং নেক্সটকোয়ান্টাম শিফট টেকনোলজিসের প্রতিষ্ঠাতা মাধব শেঠ বলেন, “আমরা শুধু নিরাপত্তার দাবি নয়, তার প্রমাণ দিতে চাই। কোনো প্রযুক্তিই চূড়ান্তভাবে নিরাপদ নয়, তাই ভারতের প্রযুক্তি সম্প্রদায়ের সঙ্গে যৌথভাবে আরও নিরাপদ পণ্য তৈরি করতে চাই।”

এই উদ্যোগ কোম্পানির নিজস্ব নেক্সটকোয়ান্টাম ওএস-এর স্বচ্ছতা, গোপনীয়তা ও ব্যবহারকারীর মালিকানার নীতিকেও আরও শক্তিশালী করবে। আবেদন করা যাবে মাধব শেঠের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের বায়োতে থাকা লিঙ্কের মাধ্যমে।