সমস্ত দিক খতিয়ে দেখার নির্দেশ আদালতের তরফে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজ্যের ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে বড় আপডেট মিলল কলকাতা হাইকোর্ট থেকে। শুভেন্দু সরকারের সিদ্ধান্তে আপাতত হস্তক্ষেপ নয়। ফলে বর্তমানে ওবিসি তালিকা থেকে বাদের খাতাতেই থাকল ৭৪টি জনগোষ্ঠী, আর অন্তর্ভুক্ত রইল ৬৬টি।

হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে উঠেছিল ওবিসি মামলাটি। আগামী ৬ সপ্তাহের মধ্যে সমস্ত পক্ষকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। এই মামলায় ওবিসি তালিকা থেকে ৭৪টি সম্প্রদায়কে বাদ দেওয়ার ঘোষণা করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন মিজানুল কবির। এমনকি প্রাক্তন সরকারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ওবিসি মামলায়।

কিন্তু হাইকোর্টে পুরোনো রায়কেই বহাল রাখা হল। তবে বাদ পড়া জনগোষ্ঠিতগুলি যে আর কোনোদিন নতুন করে তালিকার অন্তর্ভুক্ত হতে পারবে না এমনটা কিন্তু বলা হয়নি। এদিন আদালত জানায়, ওবিসি মামলায় বিস্তারিত হলফনামা ছাড়া বিবেচনা করাটা বেশ কঠিন। তাই হলফনামা পাওয়ার পরেই পরবর্তী শুনানিতে সমস্ত দিক খতিয়ে দেখা হবে।