উৎসবের মরশুমের আগে আড়াই লক্ষেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করবে ফ্লিপকার্ট

ভারতের দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ফ্লিপকার্ট আসন্ন উৎসবের মরসুমের আগে আড়াই লক্ষেরও বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কথা ঘোষণা করেছে। গিগ কর্মী সহ এই সুযোগগুলির প্রায় ৩০ শতাংশ অর্থাৎ প্রায় ৭৫,০০০ পদ এমন ব্যক্তিদের জন্য সংরক্ষিত, যারা প্রথমবারের মতো কর্মক্ষেত্রে প্রবেশ করছেন। দেশের ৭,০০০-এর বেশি ইকার্ট ফেসিলিটির মাধ্যমে এই কর্মসংস্থান তৈরি হবে।

বিগ বিলিয়ন ডেজ-এর আগে গ্রাহকদের চাহিদা মেটাতে ফ্লিপকার্ট তাদের ডেলিভারি নেটওয়ার্ক প্রসারিত করছে। এর মধ্যে রয়েছে ৯০০-র বেশি নতুন উৎসব চলাকালীন ডেলিভারি হাব এবং প্রায় ১.৪০ লক্ষ অতিরিক্ত লাস্ট-মাইল কর্মসংস্থানের সুযোগ, যা মোট নতুন কাজের ৬০ শতাংশ। ফ্লিপকার্ট মিনিটস-এর প্রসারণ এবং টিয়ার ২ ও ৩ মার্কেটে বাড়তে থাকা চাহিদার কারণেই এই সম্প্রসারণ ঘটছে। এ ছাড়াও সাপ্লাই চেইন ভূমিকায় মহিলাদের অংশগ্রহণ ২০ শতাংশ ছাড়িয়েছে এবং বৃদ্ধি পেয়েছে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অংশগ্রহণও।

ফ্লিপকার্ট গ্রুপের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার রজনীশ কুমার জানান, ডিজিটাল বাণিজ্যের বৃদ্ধির সাথে সাথে এতদিন ধরে কম সুযোগ পাওয়া সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের পথ তৈরি করাই তাদের মূল দায়িত্ব। অন্যদিকে, সাপ্লাই চেইন, কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড রি-কমার্স-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেমন্ত বদ্রী উল্লেখ করেন যে এই বিশাল নেটওয়ার্ক সম্প্রসারণ ও ক্রমবর্ধমান চাহিদা উৎসবের মরসুমে ভারতের বাণিজ্য ব্যবস্থাকে পূর্ণতা দিচ্ছে।

পাশাপাশি, ফ্লিপকার্ট ও দক্ষতা উন্নয়ন মন্ত্রকের অংশীদারিত্বে পরিচালিত ‘এসসিওএ’ প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রায় ১০,০০০ সার্টিফিকেট প্রদান করা হয়েছে। কর্মীদের জন্য চিকিৎসা, দুর্ঘটনা বীমা এবং ই-শ্রম রেজিস্ট্রেশন মতো সুরক্ষামূলক সুবিধাও প্রদান করে থাকে ফ্লিপকার্ট।