ঘুষ নেওয়ার অভিযোগে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার এক এএসআইকে হাতেনাতে গ্রেপ্তার করল অ্যান্টি করাপশন ব্রাঞ্চ (এসিবি)। ধৃত পুলিশ আধিকারিকের নাম মোহন সামন্ত। মঙ্গলবার চন্দ্রকোনা থানার কাছেই রাস্তার ধারে এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার সময় তাঁকে ধরে ফেলেন এসিবির আধিকারিকেরা।
অভিযোগকারী বিশ্বজিৎ ভুঁইয়া চন্দ্রকোনার রামগড় গ্রামের বাসিন্দা। তাঁর অভিযোগ, আদালতে চলা একটি মামলায় পুলিশের কেস ডায়েরি (সিডি) জমা দেওয়ার কথা থাকলেও তা জমা দেওয়া হচ্ছিল না। এর পরিবর্তে এএসআই মোহন সামন্ত তাঁর কাছে টাকা দাবি করেন বলে অভিযোগ।
এরপর বিশ্বজিৎ বিষয়টি অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে জানান। তাঁর অভিযোগের ভিত্তিতে প্রায় ১০ জনের একটি দল অভিযান চালিয়ে টাকা নেওয়ার সময় ওই এএসআইকে হাতেনাতে ধরে। পরে তাঁকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেন তদন্তকারীরা।
