বিরলা ওপাস পেইন্টসের ‘প্রাণের পাড়া’য় রঙে ও ক্যানভাসে ফুটে উঠবে ১৫টি পাড়ার গল্প

পশ্চিমবঙ্গের পাড়া মানেই কিছু না কিছু অভিনব গল্প, ঐতিহ্য আর আড্ডা। এই আবেগ ও ঐতিহ্যকে রঙে ফুটিয়ে তুলতে বিরলা ওপাস পেইন্টস সফলভাবে সম্পন্ন করল তাদের সম্প্রদায়ভিত্তিক উদ্যোগ ‘প্রাণের পাড়া’। কলকাতা, আসানসোল, শিলিগুড়ি এবং বর্ধমানের মোট ১৫টি পাড়ার অনন্য সংস্কৃতি ও ইতিহাসকে নিয়ে তৈরি হয়েছে সুদৃশ্য সব দেওয়াল চিত্র।
এই বিশেষ উদ্যোগের অংশ হিসেবে রত্না কেবিনের ‘খেলা ছাড়া খেলা শেষ’, বাগবাজার মুখার্জি পাড়ার ‘মা এদের মা’, ভবানীপুরের ‘অন্নকূট’, কিংবা শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার ‘হিম এর ছোঁয়ায় মধুর যাপন’-এর মতো আকর্ষণীয় থিমগুলোকে দেওয়ালে রূপ দেওয়া হয়েছে। এছাড়া তালিকায় রয়েছে শান্তা চরণ চক্রবর্তী লেন, জাজ বাগান, আলোকেদূত বিবেক পল্লী, নাকতলা দ্বিতীয় পল্লী, বালিগঞ্জ ফাঁড়ি, ঠাকুর পার্ক, নস্কর হাট, আসানসোলের রাধানগর, শিলিগুড়ির ডাবগ্রাম এবং বর্ধমানের রাধাগোবিন্দ পল্লী ও ৪ নম্বর ইছলাবাদ।
উদ্যোগটির বিষয়ে বিরলা ওপাস পেইন্টসের মার্কেটিং প্রধান ইন্দরপ্রীত সিং বলেন, “রং শুধু বাড়ির দেওয়াল সাজায় না, এটি আমাদের পরিচয় ও সংস্কৃতিরও প্রতিচ্ছবি। ‘প্রাণের পাড়া’র মাধ্যমে আমরা বাংলার প্রতিটি পাড়ার গল্প ও ঐতিহ্যকে রঙিন রূপ দেওয়ার চেষ্টা করেছি।”
শুধু দেওয়াল চিত্রই নয়, এই উদ্যোগকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গুগল ম্যাপেও পাড়াগুলোকে তাদের বিশেষ রঙের পরিচয়ে তুলে ধরা হচ্ছে। জাজ বাগানের ‘বিরলা ওপাস স্কাই ব্লু’ বা নাকতলার ‘বিরলা ওপাস স্যান্ড ট্যান’-এর মতো বিশেষ রঙের মাধ্যমে এই পাড়াগুলো এখন মানচিত্রেই এক নতুন ও স্বতন্ত্র পরিচিতি পাচ্ছে। ‘প্রাণের পাড়া’র মাধ্যমে বিরলা ওপাস পেইন্টস প্রতিটি পাড়ার গল্পকে চিরস্মরণীয় করে তুলল।