৩০ জুন, ২০২৬-এ শেষ হওয়া ত্রৈমাসিকে সংস্থার পরিচালন থেকে আয় বেড়ে ৩,৫৮৩.৮ কোটি টাকা হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ৩,২০০.৮ কোটি টাকা (১২% বৃদ্ধি)। ইবিআইটিডিএ বেড়ে ৬০৭.৪ কোটি টাকা হয়েছে, যা এক বছর আগে ছিল ৫২৮.৪ কোটি টাকা (১৫% বৃদ্ধি)। একই সময়ে নিট মুনাফা বেড়ে ৪০৫ কোটি টাকা হয়েছে, যা গত বছরের ৩১৫ কোটি টাকা থেকে ২৮.৬% বৃদ্ধি।
স্ট্যান্ডঅ্যালোন আর্থিক ফলাফলের মূল দিক :
৩০ জুন, ২০২৬-এ শেষ হওয়া ত্রৈমাসিকে পরিচালন থেকে আয় বেড়ে ৩,২২৬.৭ কোটি টাকা হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২.৭% বেশি। ইবিআইটিডিএ বেড়ে ৫৬২.২ কোটি টাকা (১২.৬% বৃদ্ধি) এবং নিট মুনাফা বেড়ে ৩৬৮.৭ কোটি টাকা হয়েছে (২৫.৫% বৃদ্ধি)। এবিষয়ে বার্জার পেইন্টস ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও অভিজিৎ রায় বলেন, চাহিদা বৃদ্ধির ধারা বজায় থাকায় স্ট্যান্ডঅ্যালোন ভিত্তিতে ১২.৭% মূল্যভিত্তিক প্রবৃদ্ধি হয়েছে। অটোমোটিভ ও ডেকোরেটিভ বিভাগে শক্তিশালী বৃদ্ধি, দক্ষ আর্থিক ব্যবস্থাপনা এবং কার্যকারিতা বৃদ্ধির ফলে স্ট্যান্ডঅ্যালোনে ২৫%-এর বেশি ও একত্রিত ভিত্তিতে প্রায় ২৯% নিট মুনাফা বৃদ্ধি হয়েছে।
তিনি জানান, ওয়াটারপ্রুফিং, কনস্ট্রাকশন কেমিক্যালস ও উড কোটিংস-এ ভালো প্রবৃদ্ধি বজায় রয়েছে। Kolor Plus ও Metallics-এর নতুন লঞ্চ, নেটওয়ার্ক সম্প্রসারণ এবং অটোমোটিভ বিভাগের শক্তিশালী পারফরম্যান্সও ইতিবাচক প্রভাব ফেলেছে। বার্জার বেকার ও বার্জার নিপ্পন -ও ভালো ফল করেছে। তবে বৈদেশিক মুদ্রার ওঠানামা, ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা ও কাঁচামালের মূল্যবৃদ্ধি আগামী দিনে মার্জিনে চাপ সৃষ্টি করতে পারে। ভবিষ্যতেও বার্জার পেইন্টস নেটওয়ার্ক সম্প্রসারণ, নতুন পণ্য ও ব্র্যান্ড শক্তিশালীকরণে জোর দেবে। পাশাপাশি ‘Jaise Bhi Ho Din, Rang Bana Rahe’ ট্যাগলাইনে নতুন কর্পোরেট বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে, যা পণ্যের স্থায়িত্ব এবং প্রতিকূল পরিস্থিতিতে মানুষের লড়াইয়ের মনোভাবকে তুলে ধরে।
