দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। এবার দিঘা যাওয়াই আরও সহজ। কারণ রানাঘাট থেকে দিঘা অবধি নতুন এসি বাস পরিষেবা শুরু হয়ে গিয়েছে।
এর আগে রানাঘাট থেকে দিঘা যেতে হলে আগে ট্রেনে করে কলকাতা যেতে হত। তবে এবার সরাসরি একটি বাসে করেই সৈকত শহরে যাওয়া যাবে। এই বাস পরিষেবা চালু করেছে কালোসোনা ড্রিম লাইন। সংশ্লিষ্ট সংস্থার তরফে জানানো হয়েছে, রানাঘাট থেকে দিঘা অবধি এসি বাস পরিষেবা চালু হয়েছে। রানাঘাট থেকে রাত সাড়ে ৯টায় বাসটি ছাড়ে, দিঘা পৌঁছয় পরের দিন সকাল ৭টা ২০ মিনিটে। বাসটি জাগুলি ও কাঁচরাপাড়ায় স্টপেজ দিচ্ছে। ফলে সেখানকার যাত্রীদেরও সুবিধা হচ্ছে।
রানাঘাট থেকে দিঘা অবধি যাত্রীরা যাতে নিরাপদ ও আরামে সফর করতে পারেন, সেই জন্য কালোসোনা ড্রিম লাইনের এই বাসে একাধিক ব্যবস্থা রাখা হয়েছে। সেই তালিকায় রয়েছে বায়ো টয়লেট, স্লিপার সিট, আরামদায়ক আসন সহ আরও অনেককিছু।
