আলু দিয়ে মাংসের ঝোল কিংবা মটন কষা খেতে খেতে একঘেয়েমি লাগছে? তবে স্বাদবদল হয়েই যাক। কাঁচালঙ্কা ও মালাই দিয়ে বানিয়ে নিন পাঁঠার মাংস। নান, পরোটা, রুমালি রুটি কিংবা পোলাও- সবেতেই দারুণ মানাবে এই রান্না। রেসিপিও সহজ।
উপকরণ
৭৫০ গ্রাম পাঁঠা বা খাসির মাংস (হাড় ছাড়া বা হাড় সমেত)
৩টি বড় পেঁয়াজকুচি
৪ টেবিলচামচ টক দই
১০-১২টি কাঁচালঙ্কা
২০ গ্রাম কাজুবাদাম
১ চা-চামচ জিরেগুঁড়ো
১ চা-চামচ ধনেগুঁড়ো
২ টেবিলচামচ আদা-রসুনবাটা
স্বাদমতো নুন
৩-৪টি এলাচ
৪-৫টি লবঙ্গ
১ চা-চামচ জিরে
১ চা-চামচ গোলমরিচ
১ টেবিলচামচ কসৌরি মেথি
৩ টেবিলচামচ দুধের সরবাটা বা ক্রিম
৪ টেবিলচামচ সাদা তেল
১ টেবিলচামচ ঘি
প্রণালী
প্রথমে মাংস ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর টক দই ও নুন দিয়ে মাংস মাখিয়ে অন্তত এক ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এবার কড়াইয়ে সাদা তেল ও ঘি গরম করে এলাচ, লবঙ্গ, গোটা জিরে ও গোলমরিচ ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে পেঁয়াজকুচি দিয়ে হালকা সোনালি করে ভেজে নিন। এরপর আদা-রসুনবাটা দিয়ে কষতে থাকুন। জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো ও প্রয়োজনমতো নুন দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিন।
মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ম্যারিনেট করা মাংস দিয়ে ৩-৪ মিনিট ভালোভাবে কষান। এরপর পুরো মিশ্রণটি প্রেশার কুকারে নিয়ে ৩-৪টি সিটি দিয়ে মাংস সেদ্ধ করে নিন। মাংস নরম হয়েছে কি না দেখে নেবেন। অন্যদিকে, কাঁচালঙ্কা ও কাজুবাদাম একসঙ্গে মিক্সারে দিয়ে সামান্য জল মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। মাংস সেদ্ধ হয়ে গেলে কড়াইয়ে ঝোল-সহ ঢেলে দিন। এবার কাঁচালঙ্কা ও কাজুবাদামের পেস্ট মিশিয়ে ভালোভাবে কষান। এরপর কসৌরি মেথি ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ কম আঁচে রান্না হতে দিন। শেষে ফ্রেশ ক্রিম বা দুধের সর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। গ্রেভি ঘন ও মসৃণ হয়ে এলে প্রয়োজনমতো কাঁচালঙ্কা যোগ করে আরও কয়েক মিনিট রান্না করে নীলেই তৈরি সুস্বাদু কাঁচালঙ্কা-মালাই পাঁঠার মাংস।
