নদী বাঁচাতে আন্দোলনের ডাক, ৫ দফা দাবিতে সরব ‘পরিবেশ ভাবনা মঞ্চ’

শান্তিপুরের ঐতিহ্যবাহী সুরধুনী ও হরিনদীকে পুনরুজ্জীবিত করার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী, পরিবেশ ও বিজ্ঞানকর্মীদের যৌথ মঞ্চ ‘পরিবেশ ভাবনা মঞ্চ’। সম্প্রতি আয়োজিত এক গণসমাবেশ থেকে নদী দুটির অস্তিত্ব রক্ষায় ধারাবাহিক আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, একসময় সুরধুনী ও হরিনদীকে ঘিরে শান্তিপুরের ব্যবসা-বাণিজ্য, কৃষি ও মৎস্যচাষ গড়ে উঠেছিল। বর্তমানে দখল, পলি জমা ও দীর্ঘদিন ড্রেজিং না হওয়ায় নদীগুলো সংকুচিত হয়ে পড়েছে। এর ফলে সেচ, মাছ চাষ, পরিবেশ ও স্থানীয় পর্যটন ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি আন্দোলনকারীদের।

নদী দুটিকে বাঁচাতে প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি জানিয়েছে মঞ্চ। দাবিগুলোর মধ্যে রয়েছে—বৈজ্ঞানিক পদ্ধতিতে নদী খনন করে স্বাভাবিক জলপ্রবাহ ফিরিয়ে আনা, নদীর অববাহিকা দখলমুক্ত করা, বৈধভাবে বসবাসকারী ও চাষাবাদে যুক্ত মানুষদের উপযুক্ত পুনর্বাসন, কৃষক ও মৎস্যজীবীদের জীবিকা রক্ষার ব্যবস্থা এবং শান্তিপুরের সব জলাশয়ের জিপিএস ম্যাপিং করে সেগুলো সংরক্ষণ।

আন্দোলনকারীদের দাবি, অতীতে সরকারি উদ্যোগে সুরধুনী নদীর কয়েক কিলোমিটার অংশ খনন করা হলেও প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ নদীটির উৎস থেকে মোহনা পর্যন্ত পূর্ণাঙ্গ পুনরুজ্জীবন ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়। মঞ্চের সদস্যরা জানান, নদী ও জলাশয় রক্ষার দাবিতে ইতিমধ্যে স্বাক্ষর সংগ্রহ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার মতো কর্মসূচি নেওয়া হয়েছে। ‘নদী বাঁচান, জীবন বাঁচান’ স্লোগানকে সামনে রেখে সুরধুনী ও হরিনদী পুনরুজ্জীবিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ‘পরিবেশ ভাবনা মঞ্চ’।