সবুজায়নের বার্তায় ‘বনাঞ্চল উৎসব ২০২৬’

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্য নিয়ে শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটির উদ্যোগে শুরু হয়েছে ‘বনাঞ্চল উৎসব ২০২৬’। বুধবার সকাল ১১টায় শিলিগুড়ির বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

উৎসব উপলক্ষ্যে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত শিলিগুড়ির বিভিন্ন এলাকায় বিনামূল্যে ৫ হাজার গাছের চারা বিতরণ করা হবে। ফলজ, ঔষধি, বনজ ও ছায়াদায়ী বিভিন্ন প্রজাতির চারা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল, “গাছ বাঁচান, জীবন বাঁচান, সবুজে ভরুক ভবিষ্যৎ”। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন আয়োজকরা।

অনুষ্ঠানে বাসিন্দারা উপস্থিত ছিলেন শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটির সভাপতি, সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সদস্য, পরিবেশপ্রেমী, সমাজকর্মী ও স্থানীয়রা।  উপস্থিত সকলে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার শপথ নেন এবং ভবিষ্যতেও  এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।