জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। প্রায় ১০ বছরের অপেক্ষার অবসান। অবশেষে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের সুপারিশপত্র দেওয়া শুরু করল এসএসস। কেন্দ্রীয় অফিস থেকে সুপারিশপত্র দেওয়া শুরু হয়েছে।
বাংলা, হিন্দি ও নেপালি মাধ্যমের বিদ্যালয়ে ইংরেজির শিক্ষক পদপ্রার্থীদের সুপারিশপত্র দেয় স্কুল সার্ভিস কমিশন। জানা গিয়েছে, ৭৭ জন প্রার্থীকে ডাকা হয়েছিল। এর মধ্যে ৫৮ জন সুপারিশপত্র নিয়েছেন। একজন উপস্থিত থাকলেও সুপারিশপত্র নেননি। কমিশন সূত্রে খবর, ২০১৬ সালের নিয়ম অনুসারে নিয়োগকর্তা ছিল স্কুল। সেই কারণে এই উচ্চ প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীরা কয়েকদিন পর স্কুল থেকে নিয়োগপত্র সংগ্রহ করতে পারবেন।
এদিকে ২০১৫ সালে টেট পাশের পর ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিয়েছিলেন বহু চাকরিপ্রার্থী। তবে নানা আইনি ও প্রশাসনিক জটিলতার জন্য দীর্ঘদিন নিয়োগ আটকে ছিল। এরপর ২০২৪ সালের অক্টোবরে আট দফা কাউন্সেলিংয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও তা সম্পন্ন হয়নি। বিজ্ঞপ্তি মতো সুপারিশপত্র দেওয়া শুরু করে দিল এসএসসি।
