দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। তবে, নতুন সরকার গঠনের আগে পূর্বের তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গ সবথেকে বড় ধাক্কা খেয়েছে অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে। এ
দিকে, অর্থনৈতিক উন্নতি ঘটানোর ক্ষেত্রে সবথেকে অপরিহার্য বিষয় হল বিনিয়োগ। বাংলার কথা বলতে গেলে, বিনিয়োগই হয়ে উঠেছে বঙ্গের অগ্রগতির পথে সবচেয়ে বড় খলনায়ক। পশ্চিমবঙ্গে, তৃণমূল সরকারের আমলে ৬,৬০০-র বেশি সংস্থা হয় বন্ধ হয়ে গেছে অথবা অন্য রাজ্যে স্থানান্তরিত হয়েছে।
এতে রাজ্যের অগ্রগতি ব্যাহত হয়েছে। দেশের শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারী সংস্থা হিন্দুস্তান মোটরসের কারখানাটি ২০১৪ সাল থেকে বন্ধ রয়েছে। অপরদিকে, বাংলার আরেকটি বড় কোম্পানি ডানলপ ইন্ডিয়ার কারখানা, যেটির একসময় সারা দেশে শক্তিশালী উপস্থিতি ছিল, সেটিও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, যখন কোনও রাজ্যে বিনিয়োগ বন্ধ হয়ে যায়, এমনকি বিনিয়োগের রাস্তা থমকে যায় তখন সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত শোচনীয় হয়ে ওঠে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছে।
