চালু হলো নতুন নিয়ম

সম্প্রতি মধ্যপ্রাচ্যের বুকে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বিশ্বজুড়ে যে জ্বালানি ঘাটতির আশঙ্কা তৈরি হয় তার প্রভাব ভারতেও কিছুটা পড়ে। মধ্যপ্রাচ্যে সঙ্কটের জেরে দেশে তৈরি হয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে আতঙ্ক। বৃদ্ধি পেয়েছে গ্যাস সিলিন্ডারের দাম।

সেই সঙ্গে দেশের একাংশে শুরু হয়ে গিয়েছে গ্যাস সিলিন্ডারের কালোবাজারি। তাই প্রতারণা ঠেকাতে এবার এক নতুন পদক্ষেপ নিয়েছে বিভিন্ন গ্যাস সংস্থাগুলি। গ্যাস সিলিন্ডার বুকিংয়ে নতুন নিয়ম চালু করা হয়েছে। বর্তমানে প্রায় ৯২ শতাংশ ডেলিভারি হচ্ছে এই নিয়মেই। এই নতুন নিয়মে একটি বিশেষ কোড দিচ্ছে গ্যাস কোম্পানিগুলি। একে বলা হচ্ছে ডেলিভারি অথেনটিকেশন কোড। এই কোড দিলেই গ্যাস ডেলিভারি দেবে কোম্পানি।

গ্যাস সিলিন্ডার বুকিংয়ের জন্য প্রথমে কোম্পানির আইভিআরএসে কল করে বুক করতে হবে। গ্যাস বুকিং নিশ্চিত হলে কোডের জন্য অপেক্ষা করতে হবে। রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস, হোয়াটসঅ্যাপ, ইমেলের মাধ্যমে আসবে। ডেলিভারি পার্সন সিলিন্ডার নিয়ে এলে তাকে কোড দিলেই পাওয়া যাবে সিলিন্ডার।