দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে বম্বে হাই কোর্টের দ্বারস্থ ইমরান

ভারত ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা ইমরান খান। অভিনেতাকে ফরেনার্স রিজিয়োনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিস দিয়েছিল। মঙ্গলবার, ২৭ অক্টোবর, তাঁর আবেদনের শুনানি হওয়ার কথা।

গত ১০ অক্টোবর মুম্বইয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার পর ইমরানের বিরুদ্ধে এই নোটিস জারি হয়। বিজেপি নেতা কিরীট সোমাইয়ার অভিযোগের ভিত্তিতে বিষয়টি এফআরআরও-র কাছে পৌঁছয়।

আমেরিকার নাগরিক এবং ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী ইমরান নোটিসটিকে অসাংবিধানিক বলে দাবি করেছেন। তাঁর আবেদন, নোটিস খারিজ করার পাশাপাশি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ যেন না করা হয়।

অভিনেতার অভিযোগ, কোন আইনি বিধান লঙ্ঘনের কারণে তাঁকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, তা নোটিসে স্পষ্ট নয়। নিজের বক্তব্য জানানোর যথেষ্ট সুযোগও তাঁকে দেওয়া হয়নি বলে দাবি তাঁর। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া মানেই ওসিআই-সংক্রান্ত শর্ত লঙ্ঘন নয় বলেও আদালতে যুক্তি দিয়েছেন তিনি।

ইমরান আরও জানিয়েছেন, প্রতিবাদের সময় তিনি পুলিশের ব্যারিকেড টপকানোর চেষ্টা করেননি। পুলিশ চলে যেতে বললে তিনি নিজের গাড়ির দিকে ফিরছিলেন। সেই সময় তাঁকে আটক করা হলেও ওই দিন সন্ধ্যাতেই ছেড়ে দেওয়া হয় বলে আবেদনে উল্লেখ করেছেন অভিনেতা। আদালত তাঁর আবেদনে কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট মহল।