ঐতিহ্য মেনে আজও দেবী জলেশ্বরীর সামনে ধুনো পোড়ানোর প্রথা পালন কৃষ্ণনগর মালোপাড়ায়

প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে গেলেও আজও অমলিন কৃষ্ণনগরের মালোপাড়ার প্রাচীন ঐতিহ্য ও নিয়ম। সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু, আধুনিকতার ছোঁয়া লেগেছে সমাজের প্রতিটি ক্ষেত্রে। কিন্তু কৃষ্ণনগরের মালোপাড়ার দেবী জলেশ্বরীর পুজোয় আজও নিষ্ঠার সঙ্গে মেনে চলা হয় প্রাচীন রীতিনীতি। সেই প্রথা ও পরম্পরা মেনেই এবারও দেবী জলেশ্বরীর সামনে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ধুনো পোড়ানোর অনুষ্ঠান। মালোপাড়ার দেবী জলেশ্বরীর পুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে এলাকার মানুষের দীর্ঘদিনের বিশ্বাস, আবেগ এবং সামাজিক ঐতিহ্য। পুজোর বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্যে ধুনো পোড়ানোর রীতি বিশেষ তাৎপর্য বহন করে। নির্দিষ্ট নিয়ম মেনে দেবীর সামনে এই ধুনো পোড়ানোর আয়োজন করা হয়।

ধুনোর সুগন্ধি ধোঁয়ায় ভরে ওঠে পুজো প্রাঙ্গণ। ভক্তি ও নিষ্ঠার পরিবেশে এক অন্যরকম আবহ তৈরি হয় গোটা এলাকায়।স্থানীয়দের কাছে এই প্রথা কেবল পুজোর একটি আচার নয়, বরং পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া এক অমূল্য সম্পদ। বছরের পর বছর ধরে মালোপাড়ার মানুষ এই রীতিকে নিজেদের ঐতিহ্যের অংশ হিসেবে আগলে রেখেছেন। নতুন প্রজন্মের কাছেও এই সমস্ত আচার-অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করা হয়। কারণ তাঁদের বিশ্বাস, প্রাচীন রীতিনীতি ও লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখার মধ্যেই রয়েছে এলাকার নিজস্ব পরিচয়।উল্লেখযোগ্য বিষয়, মালোপাড়ার দেবী জলেশ্বরীর পুজোকে ঘিরে রয়েছে একাধিক ব্যতিক্রমী লোকাচার। মধ্যরাতে পুরুষদের শাড়ি পরে, মাথায় ঘোমটা দিয়ে জলঙ্গি নদীর ঘাটে জল আনতে যাওয়ার প্রথাও আজও এই পুজোর অন্যতম আকর্ষণ।

ধুনো পোড়ানো থেকে শুরু করে জল আনার বিশেষ রীতি, প্রতিটি আচারেই রয়েছে দীর্ঘদিনের বিশ্বাস ও পরম্পরার ছাপ। সব মিলিয়ে আধুনিকতার যুগেও কৃষ্ণনগরের মালোপাড়ায় দেবী জলেশ্বরীর পুজোয় প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখার এই উদ্যোগ নিঃসন্দেহে বিশেষ তাৎপর্যপূর্ণ। ধুনোর ধোঁয়ার সঙ্গে যেন আরও একবার নতুন করে প্রকাশ পেল মালোপাড়ার মানুষের বিশ্বাস, ভক্তি এবং শিকড়ের প্রতি টান। মনস্কামনা পূর্নার্থে দেবীর সন্মুখে মহিলাকে বসিয়ে তাঁর দুই হাত ও মাথায় জ্বলতে থাকা অগ্নিকুন্ডের মধ্যে কেজি কেজি ধুনো পোড়ানো হয়।