ঐতিহ্যে আধুনিকতার ছোঁয়া, জাওয়া-ইয়েজদি

ভারতের রাস্তায় জাওয়া ও ইয়েজদির আনুষ্ঠানিক প্রত্যাবর্তনের আগেই বাইকপ্রেমী, রাইডার ও সংগ্রাহকরা এই দুই ব্র্যান্ডের ঐতিহ্য ধরে রেখেছিলেন। সেই আবেগকে সঙ্গী করেই মহিন্দ্রা গ্রুপের সংস্থা ক্লাসিক লেজেন্ডস জাওয়া, ইয়েজদি এবং বিএসএ—এই তিনটি জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ডকে নতুন করে ভারতীয় বাজারে ফিরিয়ে আনে।

২০১৮ সালের ১৫ নভেম্বর অনুপম থরেজা ও বোমান রুস্তম ইরানির নেতৃত্বে জাওয়ার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সংস্থার যাত্রা শুরু হয়। জাওয়া ৩৫০, জাওয়া ফোরটি-টু এবং পেরাক বাজারে আসতেই ব্যাপক সাড়া মেলে। মাত্র একদিনে ১ লক্ষেরও বেশি বুকিং হয়। এরপর ২০২০-২১ সালে কোভিড অতিমারির কারণে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় বাধা এলেও সংস্থা তাদের কার্যক্রম চালিয়ে যায়।

২০২২ সালে রোডস্টার, স্ক্র্যাম্বলার ও অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের মাধ্যমে ইয়েজদি আবার বাজারে ফিরে আসে। ২০২৩ সালে ২১তম আন্তর্জাতিক জাওয়া-ইয়েজদি দিবসে ১০ হাজারেরও বেশি রাইডার ও বাইকপ্রেমীর অংশগ্রহণ ব্র্যান্ড দুটির জনপ্রিয়তাকে আরও স্পষ্ট করে। ২০২৪ সালে বিএসএ গোল্ড স্টার ৬৫০-এর হাত ধরে ভারতে ফেরে ঐতিহ্যবাহী ব্রিটিশ ব্র্যান্ড বিএসএ।

২০২৫-২৬ অর্থবর্ষে ভারতে ক্লাসিক লেজেন্ডসের ব্যবসায়িক বৃদ্ধি হয়েছে প্রায় ৪০ শতাংশ। আন্তর্জাতিক বাজারের ব্যবসা ধরলে সামগ্রিক বৃদ্ধির হার ৫৫ শতাংশ। বর্তমানে সংস্থার বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ১ লক্ষ ২০ হাজার মোটরসাইকেল। ২০২৬ সালের শেষ নাগাদ তা ২ লক্ষের বেশি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পাশাপাশি ২০২৮ অর্থবর্ষের মধ্যে গ্রাহক পরিষেবা কেন্দ্রের সংখ্যা ৭০০-র বেশি করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে সংস্থার ৪৫০টিরও বেশি বিক্রয় ও পরিষেবা কেন্দ্র রয়েছে।

জাওয়া, ইয়েজদি ও বিএসএ-র অধীনে ক্লাসিক, রোডস্টার, ববার, স্ক্র্যাম্বলার এবং অ্যাডভেঞ্চার—বিভিন্ন বিভাগের মোটরসাইকেল রয়েছে। ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, উন্নত পারফরম্যান্স এবং গ্রাহকদের চাহিদাকে গুরুত্ব দিয়ে নতুন মোটরসাইকেল তৈরির কাজ চালিয়ে যাচ্ছে ক্লাসিক লেজেন্ডস। আগামী দিনে আন্তর্জাতিক বাজারেও ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সংস্থার।