কালিন্দ্রী নদীর উপর পাকা সেতু না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক হাজার মানুষ। ঘাট পারাপারে অতিরিক্ত ভাড়া আদায় ও দুর্ব্যবহারের অভিযোগ তুলে এবার নিজেরাই বাঁশের সাঁকো তৈরির উদ্যোগ নিয়েছেন গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে মালদার ইংরেজবাজারের লক্ষ্মীঘাট এলাকায় তৈরি হয়েছে বিতর্ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজার ব্লকের লক্ষ্মীঘাট সংলগ্ন কালিন্দ্রী নদী পারাপার করে নরহাট্টা, ফুলবাড়ি ও পুখুরিয়া এলাকার একাধিক গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করেন। এতদিন জেলা পরিষদের কাছ থেকে ঘাট লিজ নিয়ে ঘাটওয়াল অস্থায়ী সাঁকোর মাধ্যমে পারাপারের ব্যবস্থা করতেন।
গ্রামবাসীদের অভিযোগ, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার পাশাপাশি যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। এর প্রতিবাদে তাঁরা চাঁদা তুলে নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ শুরু করেছেন। অন্যদিকে, ঘাটওয়ালও নদীর উপর লোহার কাঠামোর অস্থায়ী সেতু তৈরির কাজ শুরু করেছেন। ঘাটওয়ালের দাবি, তিনি সরকারি নির্ধারিত ভাড়া মেনেই টাকা আদায় করেন। গ্রামবাসীদের পৃথক সাঁকো নির্মাণের বিষয়টি নিয়ে তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।
মালদা জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক ভাস্কর মজুমদার জানান, অনুমতি নিয়েই ঘাটওয়াল অস্থায়ী লোহার সেতু নির্মাণ করছেন। গ্রামবাসীদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তিনি বলেন, কোনও সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। তবে জেলা পরিষদের ঘাটে অনুমতি ছাড়া গ্রামবাসীদের এভাবে বাঁশের সাঁকো তৈরি করা সমর্থনযোগ্য নয়। তবে গ্রামবাসীদের দাবি, অস্থায়ী সাঁকো নিয়ে এই সমস্যা থেকে স্থায়ী মুক্তি পেতে লক্ষ্মীঘাটে অবিলম্বে সরকারি উদ্যোগে পাকা সেতু নির্মাণ করতে হবে।
