দীর্ঘ ১৫ বছরের তৃণমূলী শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে প্রথম বার সরকার গড়তে চলেছে বিজেপি। বাংলায় রাজনৈতিক পালাবদলের উচ্ছ্বাস পৌঁছেছে দিল্লিতেও। অবশেষে এগোতে চলেছে চিংড়িঘাটা মেট্রোর কাজ। দীর্ঘদিন ধরেই কেন্দ্র-রাজ্যের জটে আটকে ছিল মেট্রোর কাজ।
জল গড়িয়েছিল আদালতেও। অবশেষে রাজ্যে সরকার বদল হতে কাটল জট। পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশুকল্যাণ দফতরের দায়িত্ব নিয়েই চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরুর প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। অগ্নিমিত্রা আশ্বাস দিয়ে বলেন, খুব দ্রুত চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরু হবে।
জানা গিয়েছে, মে মাসের দুটি সপ্তাহান্তে যান নিয়ন্ত্রণ করতে রাজি হয়েছিল কলকাতা পুলিশ। আগামী ১৫ তারিখ থেকেই শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত চিংড়িঘাটা মেট্রোর কাজ। আগামী ১৫ মে থেকে শুরু হবে নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের একটি গুরুত্বপূর্ণ ফাঁক জোড়ার কাজ। ৫-১৮ মে এবং ২২-২৪ মে যান নিয়ন্ত্রণ করে চলবে চিংড়িঘাটার কাজ। এতদিন পুলিশের তরফে যান নিয়ন্ত্রণের অনুমতি পাওয়া যাচ্ছিল না। মূলত বাইপাসে যানবাহনের চাপের জন্যই এই রাস্তায় যান নিয়ন্ত্রণ কঠিন বলে জানিয়েছিল পুলিশ।
