চালু হতে চলেছে নতুন নিয়ম

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। পরিবেশ দূষণ রোধে বড় পদক্ষেপের পথে এগোল ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। পান মশলা ও গুটখার প্যাকেট থেকে প্লাস্টিক সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে সংস্থাটি।

টেকসই ও পরিবেশবান্ধব প্যাকেজিং ব্যবস্থা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্লাস্টিক বর্জ্য কমাতে এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী। নতুন প্রস্তাব অনুযায়ী, প্লাস্টিকের পরিবর্তে কাগজ, পেপারবোর্ড ও সেলুলয়েডের মতো পচনশীল উপাদান ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে। এতদিন গুটখা বা তামাকজাত পণ্যের প্যাকেজিংয়ে প্লাস্টিকের স্যাশে ব্যাপকভাবে ব্যবহৃত হত, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এই নতুন নিয়ম কার্যকর হলে সেই প্রবণতায় বড় বদল আসবে বলে মনে করা হচ্ছে। ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস (প্যাকেজিং) সংশোধনী বিল, ২০২৬-এর আওতায় এই প্রস্তাব বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। খসড়া অনুযায়ী, গুটখা বা তামাকজাত দ্রব্য মজুত, প্যাকিং বা বিক্রির ক্ষেত্রে প্লাস্টিকের কোনও স্যাশে ব্যবহার করা যাবে না। এই প্রস্তাব নিয়ে আগামী ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মতামত চাওয়া হয়েছে।