কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিযান,কাফ সিরাপ সহ ত্রিপুরার দুই পাচারকারী গ্রেপ্তার

গোপন সূত্রের খরবের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে সাফল্য পেল নিউ জলপাইগুড়ি জিআরপি ও শিলিগুড়ি হেডকোয়ার্টার স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)।যৌথ অভিযানে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জেনারেল কোচে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ কাফ সিরাপ উদ্ধার করা হয়।ঘটনায় ত্রিপুরার বাসিন্দা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে,গোপন খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের ৩নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিযান চালানো হয়।

জেনারেল কোচে তল্লাশির সময় সন্দেহভাজন দুই যাত্রীকে আটক করা হয়।ধৃতদের নাম মোহাম্মদ সোসাজ ও নাহিমুদ্দিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তল্লাশিতে তাদের কাছে থাকা দুটি ট্রলি ব্যাগ ও দুটি পিঠের ব্যাগ থেকে কার্টুনে ভরা ১৫৯বোতল কাফ সিরাপ উদ্ধার হয়।তদন্তে পুলিশ জানতে পেরেছে,ধৃতরা কলকাতা থেকে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। উদ্ধার হওয়া কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে দাবি।

ঘটনায় এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে,ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।একইসঙ্গে এই পাচারচক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না,তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।