চলতি বছরের শুরুতেই প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংহ। সেই সিদ্ধান্ত ঘিরে অনুরাগীদের মধ্যে তৈরি হয় নানা জল্পনা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রীতম জানান, দীর্ঘদিন ধরে একের পর এক বাণিজ্যিক ছবিতে গান গাওয়ার চাপ সামলাতে গিয়ে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন অরিজিৎ। তাঁর কথায়, “হাঁপিয়ে উঠছিল ও। একসময় বলেছিল, ‘আমি আর গান গাইতেই চাই না।’”
তবে এই সিদ্ধান্তকে অবসর হিসেবে দেখতে নারাজ প্রীতম। তিনি বলেন, প্রত্যেক শিল্পীরই মাঝে মাঝে কাজ থেকে বিরতি নেওয়ার প্রয়োজন হয়। তাঁর মতে, অরিজিৎ এখন কিছুটা সময় নিজের মতো কাটাতে চান এবং নিজের পছন্দের কাজ করতে চান। পাশাপাশি চলচ্চিত্র নির্মাণের দিকেও মন দিতে চান গায়ক।
উল্লেখ্য, বছরের শুরুতে নতুন প্লেব্যাক গানের কাজ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন অরিজিৎ। তবে আগে থেকে নেওয়া প্রতিশ্রুতিগুলি তিনি পূরণ করবেন। ফলে আগামী কয়েক বছরেও তাঁর নতুন গান শুনতে পাবেন শ্রোতারা।
