শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় আড়ম্বরের সঙ্গে অনুষ্ঠিত হলো শ্রী গোবর্ধন পূজা, আয়োজন নরনারায়ণ সেবার

কামাখ্যার সিদ্ধপুরুষ হিসেবে পরিচিত দাদামণি। কথিত আছে, তিনি ভুবনেশ্বরী মায়েরও দর্শন লাভ করেছিলেন। প্রায় ২৫ বছর আগে তিনি শিলিগুড়িতে আসেন। এরপর দেশবন্ধু পাড়ায় চন্দ্রকান্তের বাড়িতে তাঁর থাকার ব্যবস্থা হয়। পরবর্তীতে ২০০৮ সালে সেখানে প্রতিষ্ঠা করা হয় একটি মন্দির।

সেই ঐতিহ্য মেনেই প্রতিবছরের মতো এবছরও মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় শ্রী গোবর্ধন পূজার। এই পুজোর অন্যতম আকর্ষণ প্রায় ১০৮ রকমের প্রদীপ জ্বালিয়ে বিশেষ পুজো-অর্চনা। পাশাপাশি দেবীর চারটি রূপের আরাধনাও করা হয় প্রতিবছর।

পুজো উপলক্ষে আয়োজন করা হয় বিশাল নরনারায়ণ সেবার। যেখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত ও সাধারণ মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। তবে দিন দিন মন্দির চত্বরে জায়গার পরিমাণ কমে আসায় বর্তমানে শুধুমাত্র মন্দির এলাকাতেই সীমাবদ্ধ রাখা হয়েছে এই নরনারায়ণ সেবার আয়োজন।

ধর্মীয় আচার-অনুষ্ঠান ও মানুষের সেবার মধ্য দিয়ে প্রতিবছরই বিশেষভাবে পালিত হয় এই উৎসব।