সাধারণ মানুষদের জন্য শুরু হলো ভোগান্তি

দোরগোড়ায় প্রায় চলে এসেই গেছে নির্বাচন, এখন পরিস্থিতি তুঙ্গে। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে প্রস্তুতি এখন তুঙ্গে। এবার ভোটের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। নির্বাচনের আগে থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বেসরকারি বাস পরিষেবা ব্যাহত হচ্ছে।

নির্বাচন সংক্রান্ত কাজে ব্যবহারের জন্য একের পর এক বাস প্রশাসনের তরফে নিয়ে নেওয়া হচ্ছে, যার ফলে রাস্তায় বাসের সংখ্যা কমেছে। সূত্রের খবর, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর যাতায়াত, ভোটকর্মীদের বুথে পৌঁছে দেওয়া এবং অন্যান্য নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বিপুল সংখ্যক বাস প্রয়োজন। সেই কারণেই ধাপে ধাপে বেসরকারি বাসগুলিকে নিয়ে নেওয়া হয়েছে।

ফলে শহর কলকাতা থেকে শুরু করে জেলার বহু রুটেই যাত্রীদের বাস পেতে সমস্যায় পড়তে হবে। বাস মালিক সংগঠনগুলির বক্তব্য, নির্বাচনের জন্য প্রশাসনের তরফে বাস চাওয়া হচ্ছিল। মঙ্গলবার থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই যাত্রীদের ভোগান্তি বাড়বে বলেই তাঁদের আশঙ্কা।