বৃদ্ধি পেল বরাদ্দ টাকার পরিমাণ

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এই পরিস্থিতিতে সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের খাবার বাবদ বরাদ্দ বাড়ানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবার জানা গেল, রোগীদের খাদ্যতালিকায় আসতে চলেছে আমূল বদল।

রাজ্যের তথ্য সংস্কৃতি ও পর্যটন দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী বলেন, রাজ্যের সরকারি হাসপাতালের রোগীদের খাদ্যতালিকায় বদল আসতে চলেছে। রোগীদের খাবার তালিকার জন্য দৈনিক বরাদ্দ ৫৬.৬৪ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে। তিনি বলেন, সকালে রোগীদের জন্য চা ও দু’টি বিস্কুট থাকবে।

জলখাবারে দেওয়া হবে দুধ, কলা, চিনি, পাউরুটি, ডিম সেদ্ধ। দুপুরে দেওয়া হবে ভাত, ডাল, সবজির তরকারি, আলুর তরকারি, রুই বা কাতলা মাছ। বিকেলে ফের চা ও দু’টি বিস্কুট। সন্ধ্যায় শশা, মুড়ি, বাদাম এবং রাতে দেওয়া হবে ভাত, ডাল, রুটি, আলুর তরকারি, ডিম সেদ্ধ ও একটি করে চিজ।