জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। এবারকড়াকড়ি শুরু করল মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করে নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের নিষেধাজ্ঞা অনুযায়ী, শুধু বিদ্যালয়ে ফোন নিয়ে যাওয়া নয়, শ্রেণিকক্ষেও ফোন নিয়ে যেতে পারবে না পড়ুয়ারা।
বলা হয়েছে, সংশ্লিষ্ট জেলা পরিদর্শকদের অধীনস্থ জেলার সব স্কুলের প্রধান শিক্ষকদের এই নির্দেশ দ্রুত কার্যকর করতে হবে। রাজ্যের সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হল। এদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তিতে বিশেষ দরকার ছাড়া রাজ্যের সরকারি ও সরকারি পোষিত স্কুলের পড়ুয়াদের স্কুলে মোবাইল না নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছিল।
একইসঙ্গে বলা হয়, প্রার্থনা, পড়াশোনা, পরীক্ষা বা অন্য যে কোনও শিক্ষামূলক কর্মকাণ্ড চলাকালীন শিক্ষার্থীরা যেন মোবাইল ব্যবহার না করে। বিশেষ প্রয়োজনে স্কুলে মোবাইল আনতে হলেও প্রধান শিক্ষক/শিক্ষিকার অনুমতি নিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
