ভারতীয় অটোমোবাইল রিটেল শিল্পের শীর্ষ সংগঠন ‘ফেডারেশন অব অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশনস’ (FADA) ৫ অগাস্ট কলকাতার আইটিসি রয়্যাল বেঙ্গলের ‘বেঙ্গল স্টেট রুমে’ পশ্চিমবঙ্গের মাননীয় পরিবহন মন্ত্রীর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ‘ফায়ার-সাইড চ্যাট’ অনুষ্ঠান সম্পন্ন করেছে। এতে রাজ্যের ১৫০ জনেরও বেশি অটোমোবাইল ডিলার প্রিন্সিপাল, ফাডার কেন্দ্রীয় টিম এবং ইন্ডাস্ট্রির সিনিয়র প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মাননীয় পরিবহন মন্ত্রী শ্রী অর্জুন সিং ডিলারদের অবদান স্বীকার করে ডিজিটাল রূপান্তর, অনলাইন পরিষেবা ও স্বচ্ছতার মাধ্যমে পরিবহন ব্যবস্থাকে আধুনিক করার কথা জানান। তিনি বলেন, “আমাদের অগ্রাধিকার হলো স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর পরিবহন ব্যবস্থা গড়ে তোলা। আমরা সিএমভিআর (CMVR) আইনের পূর্ণ প্রয়োগ এবং রাজ্যজুড়ে বেআইনি মাল্টি-ব্র্যান্ড আউটলেট (MBO) ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
আলোচনায় ফাডা-র পক্ষ থেকে সিএমভিআর প্রয়োগ, বেআইনি এমবিও ব্যবসা বন্ধ, ব্যবহৃত গাড়ির রেজিস্ট্রেশন এবং সম্পূর্ণ অনলাইন ৫-বছরের ট্রেড সার্টিফিকেট ব্যবস্থার দাবি তোলা হয়। ফাডার সহ-সভাপতি মি. সাই গিরিধর সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জানান, এই পদক্ষেপগুলো গ্রাহকদের জন্য সুবিধার পরিধি বাড়াবে এবং অনুমোদিত ডিলারদের জন্য একটি স্বচ্ছ ও সুষম ব্যবসায়ী পরিবেশ তৈরি করবে।
