রাজস্থানের বাজারে এবার কালিয়াচকের লিচু

এই বছরই প্রথম মালদহের কালিয়াচকের লিচু সরাসরি রাজস্থানে পাড়ি দিচ্ছে। যদিও আবহাওয়ার কারণে ফলন আগের বছরের তুলনায় কম হয়েছে, তবুও দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানিতে তা তেমন প্রভাব ফেলতে পারছে না। জেলা উদ্যানপালন দপ্তরের উপ-অধিকর্তা সামন্ত লায়েক জানান, এই বছরও মুম্বইয়ের চাহিদা মেটাচ্ছে কালিয়াচকের লিচু। এবার নতুন গন্তব্য রাজস্থান।

রাজ্যের কয়েকজন ব্যবসায়ী ইতিমধ্যেই মালদহে এসে কালিয়াচকের লিচু বাগান পরিদর্শন করেছেন। গাছে গাছে লিচু দেখে তারা সরাসরি চাষিদের সঙ্গে দরদাম করে নগদে লিচু কিনে নেন এবং লরিতে বোঝাই করে সড়কপথে রাজস্থানে নিয়ে যাচ্ছেন।

মালদহ জেলার লিচু দেশের বিভিন্ন প্রান্তে প্রসিদ্ধ। গঙ্গা নদীর সংলগ্ন কালিয়াচকের তিনটি ব্লকে সবচেয়ে বেশি পরিমাণে লিচু চাষ হয়। এই লিচু পাতলা খোসা, বেশি শাঁস ও রসপূর্ণ হওয়ার কারণে বাজারে খুব চাহিদাসম্পন্ন।

উদ্যানপালন দপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় প্রায় ১৫৫৩ হেক্টর জমিতে লিচু চাষ হয়। কালিয়াচকের ১, ২ ও ৩ নম্বর ব্লকে সর্বাধিক লিচু চাষ করা হয়। প্রতি বছর গড়ে সাড়ে আট থেকে নয় হাজার মেট্রিকটন লিচু উৎপাদন হলেও, এবারের উৎপাদন পাঁচ হাজার মেট্রিকটনের কাছাকাছি হয়নি। তবু, ভিনরাজ্যের ব্যবসায়ীদের আগমনে চাষিদের মুখে হাসি ফুটেছে।