বন্যাকবলিত মালদায় লঞ্চে পরিদর্শনে মন্ত্রীরা, খোঁজ নিলেন দুর্গতদের

লঞ্চে করে জলপথে মালদার বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গেলেন রাজ্যের পর্যটনমন্ত্রী-সহ একাধিক মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিক। শনিবার রতুয়ার কাহালা সূর্যাপুর ঘাট থেকে লঞ্চে পরিদর্শনে রওনা দেন তাঁরা।

রতুয়া-১ ব্লকের মহানন্দটোলার পশ্চিম রতনপুর, বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের রুহিমারিসহ একাধিক এলাকা ঘুরে দেখবেন মন্ত্রীরা। পাশাপাশি বন্যাদুর্গত বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শুনবেন তাঁরা।

বন্যার কারণে কোথাও ত্রাণ বা সরকারি পরিষেবা পৌঁছতে ঘাটতি হচ্ছে কি না, তা-ও সরেজমিনে খতিয়ে দেখা হবে। পরিদর্শনের পর পরিস্থিতি অনুযায়ী দুর্গতদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

এদিন পরিদর্শনে ছিলেন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার, সেচ প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু, পিডব্লিউডি (পিএইচ)-এর অজয় পোদ্দার-সহ প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা।