ভারতের অন্যতম প্রধান টেলিকম অপারেটর ভোডাফোন আইডিয়া (ভি), মেটা প্ল্যাটফর্মের হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য ‘সাইলেন্ট মোবাইল ভেরিফিকেশন’ বা এসএমভি সুবিধা নিয়ে আসার কথা ঘোষণা দিয়েছে। এর ফলে কোটি কোটি ভি গ্রাহক কোনো পাসওয়ার্ড ছাড়াই আরও সুরক্ষিত এবং সহজে যেকোনও মেটা অ্যাপ ব্যবহার করতে পারবেন। ভোডাফোন আইডিয়ার সিইও অভিজিৎ কিশোর বলেছেন, “মেটা-র সঙ্গে এই পার্টনারশিপ সাইবার নিরাপত্তা বাড়াবে, জালিয়াতি কমাবে এবং দেশের জনপ্রিয় অ্যাপগুলোতে গ্রাহকদের লগইন করার অভিজ্ঞতাকে আরও সহজ করে তুলবে।”
এসএমভি হলো একটি অত্যন্ত নিরাপদ এবং নেটওয়ার্ক-ভিত্তিক ভেরিফিকেশন প্রযুক্তি। এর মাধ্যমে ব্যবহারকারীর মোবাইল নম্বরটি ব্যাকগ্রাউন্ডেই যাচাই হয়ে যাবে। ফলে গ্রাহকদের আর হাত দিয়ে কোনো ওটিপি বা পাসওয়ার্ড লিখতে হবে না, এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যেতে হবে না বা ভেরিফিকেশন মেসেজের জন্য অপেক্ষাও করতে হবে না। যখন একজন ভি গ্রাহক ভি-এর মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ইনস্টাগ্রাম খুলবেন, তখন টেলিকম নেটওয়ার্কের মাধ্যমেই সরাসরি ভেরিফিকেশন সম্পন্ন হয়ে যাবে।
এতে নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য মোবাইল নম্বর ভেরিফিকেশন করা, লগইন এবং পুনরায় লগইন করা, পুরোনো অ্যাকাউন্ট উদ্ধার করা, বা সিকিউরিটি চেকের সময় নিজেকে যাচাই করার মতো একাধিক কাজ খুব সহজে ও দ্রুত হয়ে যাবে। এতে খুব দ্রুত অ্যাপে যুক্ত হওয়া যাবে, বাড়তি ঝামেলা কমবে এবং অনলাইন জালিয়াতি বা ফেক আইডি তৈরির ঝুঁকি থেকেও গ্রাহকরা সুরক্ষিত থাকবেন। মেটা ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর এবং কান্ট্রি হেড অরুণ শ্রীনিবাসের বক্তব্য, “আমাদের প্ল্যাটফর্মগুলোতে ভেরিফিকেশন প্রক্রিয়াকে গ্রাহকদের জন্য আরও সহজ ও নিরাপদ করার ক্ষেত্রে এই নেটওয়ার্ক-ভিত্তিক প্রযুক্তি একটি বড় পদক্ষেপ। ভি-এর সঙ্গে হাত মিলিয়ে তাদের গ্রাহকদের জন্য হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রামে এই সুবিধা আনতে পেরে আমরা আনন্দিত।”
