সমন্বয়, দৃঢ়তা এবং উচ্চমানের প্রকৌশল দক্ষতার এক অনন্য উদাহরণ স্থাপন করে ভারতীয় সেনা, বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) এবং স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে উত্তর সিকিমে অপারেশন হিমসেতু-র অধীনে আটকে পড়া পর্যটকদের সফলভাবে বৃহৎ পরিসরে উদ্ধার করা হয়েছে। তারামচুর উত্তরে ভূমিধ্বসের ফলে একটি গুরুত্বপূর্ণ সড়ক ভেঙে পড়ায় চাটেন এলাকার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে শতাধিক পর্যটক সেখানে আটকে পড়েন। পরিস্থিতির গুরুত্ব বুঝে ভারতীয় সেনার ইঞ্জিনিয়ারিং ইউনিট—ত্রিশক্তি স্যাপাররা—তাৎক্ষণিকভাবে মাঠে নেমে সংযোগ পুনঃস্থাপন ও নিরাপদে সাধারণ মানুষদের সরিয়ে নেওয়ার কাজে হাত লাগায়।
অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য ছিল ক্ষতিগ্রস্ত সড়কের উপর অস্থায়ী একটি ফুটব্রিজ নির্মাণ। এই দ্রুত পদক্ষেপ বিপজ্জনক অংশ অতিক্রম করে নিরাপদ চলাচল নিশ্চিত করে এবং প্রতিকূল ভূপ্রকৃতি ও আবহাওয়ার মধ্যেও উদ্ধারকার্যকে ত্বরান্বিত করে। এর পাশাপাশি, ডঙ্কিয়ালা পাসে জমে থাকা ভারী তুষার দ্রুত সরিয়ে ফেলার কাজও সমানতালে চালানো হয়, যাতে উচ্চ পার্বত্য এলাকায় যোগাযোগ ও অভিযানের গতি বজায় থাকে। এই সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সংশ্লিষ্ট সমস্ত সংস্থার নিখুঁত সমন্বয়ের ফলে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই মোট ১,১৭০ জন পর্যটক এবং ৭০টি মোটরসাইকেলকে সম্পূর্ণ নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই অভিযান ভারতীয় সেনার মানবিক দায়বদ্ধতা ও দুর্যোগ মোকাবিলায় অটল প্রতিশ্রুতির এক উজ্জ্বল নিদর্শন, বিশেষত দুর্গম ও ঝুঁকিপূর্ণ অঞ্চলে।
ভারতীয় সেনার এক মুখপাত্র জানান,”অপারেশন হিমসেতু আমাদের ‘সেবাই প্রথম’আদর্শের প্রতিফলন। আমাদের সেনা, ইঞ্জিনিয়ার এবং সহায়ক বাহিনীর দ্রুত মোতায়েন,বিআরও ও সিভিল প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় নিশ্চিত করেছে যে প্রতিটি আটকে পড়া মানুষকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। উত্তর সিকিমের মতো কঠিন অঞ্চলেও সংকটের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আমরা সর্বদা প্রস্তুত।” অপারেশন হিমসেতুর সফল বাস্তবায়ন আবারও প্রমাণ করে যে প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় ভারতীয় সেনা কতটা দক্ষ, প্রস্তুত এবং নির্ভরযোগ্য—যারা প্রতিরক্ষার পাশাপাশি মানবিক ত্রাণ ও উদ্ধারকাজেও সমানভাবে অগ্রণী ভূমিকা পালন করে।
