মালদহে পুলিশি অভিযানে অস্ত্র ও মাদক তৈরির কাঁচামাল উদ্ধার, গ্রেফতার ৩

মালদহে পুলিশি অভিযানে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং ব্রাউন সুগার উদ্ধার। পৃথক দুইটি অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র এবং  ৭৩০ গ্রাম ব্রাউন সুগার তৈরির কাঁচামাল বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, মাদক এবং অস্ত্রের চোরাকারবারিদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে।  পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রাতে কালিয়াচক থানার পুলিশ শাহবাজপুর থেকে সারদা এলাকায় যাওয়ার পথে একটি মোটরবাইক থামিয়ে তল্লাশি চালায়।

মোটরবাইকে থাকা একটি ব্যাগে থেকে উদ্ধার হয় চারটি আগ্নেয়াস্ত্র। মোটরবাইকে থাকা দুই যুবককে গ্রেফতার করা হয়। বিহার থেকে ওই আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। ধৃত মঙ্গল মণ্ডল ইংরেজবাজারের গৌড় এলাকার বাসিন্দা। সুজন মন্ডলের বাড়ি কালিয়াচক উমাকান্তটোলা এলাকায়। বিক্রির উদ্দেশ্যে নাকি অপরাধ সংগঠিত করার জন্য ওই আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে তুলেছে পুলিশ।

এদিকে রাতেই ইংরেজবাজারের বাঁধাপুকুর এলাকায় সন্দেহভাজন যুবককে আটক করে উদ্ধার হয়েছে ৭৩০ গ্রাম ব্রাউন সুগার তৈরির কাঁচামাল। এই ঘটনায় দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বাসিন্দা নাজমুল মোল্লা নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, আটক মাদকের মূল্য ২০ লক্ষ টাকারও বেশি। দক্ষিণ দিনাজপুর থেকে ওই মাদকের কাঁচামাল মালদহে আনা হচ্ছিল। ধৃত নাজমুলকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পেশ করেছে পুলিশ।