তিন দিন নিখোঁজের পর জলাশয়ে মিলল দুই বন্ধুর দে*হ!

তিন দিন ধরে নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে একটি জলাশয় থেকে উদ্ধার হল দুই বন্ধুর মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ইংরেজবাজার থানার অন্তর্গত কাজিগ্রাম এলাকায়। মৃত দুই যুবকের নাম ভাস্কর চৌধুরী (২৮) ও অনুপ চৌধুরী (২৬)। ভাস্কর কাজিগ্রামের বাসিন্দা। অন্যদিকে, অনুপের বাড়ি খাসকোল এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, তিন দিন আগে দুই বন্ধু একসঙ্গে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। এরপর থেকেই তাঁদের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁদের সন্ধান পাননি। অবশেষে শুক্রবার সকালে কাজিগ্রামের একটি জলাশয়ে দুই যুবকের দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানার পুলিশকে। পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হয় তাঁদের ব্যবহৃত বাইকটিও।

তবে দুই যুবকের রহস্যমৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিবারের সদস্যদের দাবি, এটি কোনও স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিতভাবে তাঁদের খুন করা হয়েছে। পরিবারের আরও অভিযোগ, ঘটনার কয়েকদিন আগে অনুপকে একটি বিষয় নিয়ে খুনের হুমকি দিয়েছিলেন তাঁর জামাইবাবু। সেই ঘটনার সঙ্গে দুই যুবকের মৃত্যুর কোনও যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলছেন পরিবারের সদস্যরা। অন্যদিকে, কীভাবে দুই বন্ধুর মৃত্যু হল, তাঁরা কীভাবে জলাশয়ে পৌঁছলেন এবং এই ঘটনার নেপথ্যে কোনও অপরাধমূলক যোগ রয়েছে কি না, সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ।