শিলিগুড়ির নৌকাঘাট মোড়ে ভ*য়াবহ দু*র্ঘটনা! অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক ও যাত্রী

বৃহস্পতিবার গভীর রাতে শিলিগুড়ির নৌকাঘাট মোড় এলাকায় পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা গাড়ি রাস্তার পাশে থাকা বাতিস্তম্ভে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। তবে সৌভাগ্যবশত, গাড়িতে থাকা চালক ও এক যাত্রী সামান্য আহত হলেও তাঁদের কারও আঘাত গুরুতর নয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে দ্রুতগতিতে যাওয়ার সময় গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বাতিস্তম্ভে ধাক্কা মারে। বিকট শব্দ শুনে আশপাশের স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাই গাড়ির ভিতরে আটকে পড়া চালক ও সহযাত্রীকে উদ্ধার করেন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এনজেপি থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান স্থানীয়দের। তবে ঠিক কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ।