কলকাতার নারায়ণা আরএন টেগোর হসপিটাল উত্তরবঙ্গে উন্নত কার্ডিয়াক চিকিৎসা সুবিধা পৌঁছে দিতে শিলিগুড়ির ম্যাক্সওয়েল হসপিটালের সঙ্গে যৌথভাবে প্রতি মাসে বিশেষ ওপিডি চালুর কথা ঘোষণা করেছে। এর ফলে শিলিগুড়ি ও পার্শ্ববর্তী অঞ্চলের রোগীরা এখন স্থানীয় জায়গায় বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া, দ্বিতীয় মতামত নেওয়া এবং রোবোটিক ও মিনিমালি ইনভেসিভ উপায়ে হৃদরোগের চিকিৎসা করাতে পারবেন।
এই মান্থলি ওপিডি ক্লিনিকে রোবোটিক-সহায়তায় হৃদরোগের সার্জারি, ন্যূনতম আক্রমণাত্মক ভালভ মেরামত, মহাধমনী বা আর্টিক আর্ক পুনর্গঠন এবং হার্ট ট্রান্সপ্লান্ট বা প্রতিস্থাপনের মতো উন্নত শল্যচিকিৎসার বিকল্পের ওপর পরামর্শ ও সেকন্ড ওপিনিয়ন দেওয়া হবে। ফলে রোগীদের চিকিৎসার জন্য কলকাতায় যাওয়ার প্রয়োজনীয়তা কমবে।
নারায়ণা আরএন টেগোর হসপিটালের কার্ডিয়াক ও রোবোটিক সার্জারির সিনিয়র কনসালট্যান্ট ডাঃ ললিত কাপুর বলেন, “শিলিগুড়ি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্র। আমাদের প্রচেষ্টা হলো এই সার্জিক্যাল পরামর্শ নেওয়ার পদ্ধতিকে সহজ করতে প্রতি মাসে শিলিগুড়িতে ডাক্তারদের নিয়ে আসা, যাতে রোগীরা নিজেদের অঞ্চলেই সঠিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে পারেন।”
ম্যাক্সওয়েল হসপিটালের ইন্টারভেনশনাল কার্ডিওলজির ডিরেক্টর ও লিড কনসালট্যান্ট ডাঃ রাজেশ নন্দা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “নারায়ণা হাসপাতালের সঙ্গে হাত মেলাতে পেরে আমরা আনন্দিত। এই মাসিক ওপিডি আমাদের এলাকার মানুষকে উন্নত কার্ডিয়াক সার্জিক্যাল পরামর্শ পেতে সাহায্য করবে।”
নারায়ণা হেলথের ইস্ট জোনের ডিরেক্টর ও ক্লাস্টার হেড অভিজিৎ সিপি এবং গ্রুপের চিফ অপারেটিং অফিসার আর. ভেঙ্কটেশ জানান যে, ভৌগোলিক দূরত্ব যেন কোনও রোগীর বিশেষজ্ঞের পরামর্শ পাওয়ার ক্ষেত্রে বাধা না হয়ে দাঁড়ায়, সেটাই তাদের মূল লক্ষ্য। এই ওপিডি কেবল বহির্বিভাগের পরামর্শ, দ্বিতীয় মতামত এবং প্রি-অপারেটিভ ভ্যালুয়েশনের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং ম্যাক্সওয়েল হসপিটালে কোনো অস্ত্রোপচার করা হবে না। তবে কলকাতায় চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিলে রোগীদের জন্য এখান থেকেই বিশেষ সহায়তা ও গাইডেন্সের ব্যবস্থা করা হবে।
উত্তরবঙ্গে হৃদরোগের উন্নত চিকিৎসা পরিষেবা দিতে শিলিগুড়িতে প্রতি মাসে নারায়ণা হাসপাতালের বিশেষ ওপিডি
